প্রকাশিত: Sat, May 20, 2023 10:18 AM
আপডেট: Fri, Sep 11, 2026 12:31 PM

প্রত্যাবাসনের সব রকম চেষ্টা করছে বাংলাদেশ, আন্তরিক নয় মিয়ানমার

রোহিঙ্গারা সন্ত্রাসবাদে জড়ালে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, ভেস্তে যাবে বড় বিনিয়োগ: পররাষ্ট্রমন্ত্রী

মাছুম বিল্লাহ: মিয়ানমার বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেয়ার কথা বললেও বাস্তবায়নে উদ্যোগী না। শনিবার রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে গিয়েছে। তবে এখনো রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াটা দুঃখজনক। বেশকিছু দেশ রোহিঙ্গাদের নেয়ার কথা বললেও, সেটা সংখ্যায় খুবই কম। এছাড়া মাঠ পর্যায়ে প্রত্যাবাসন কার্যক্রমের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, মিয়ানমারে কোন সরকার ক্ষমতায় তা গুরুত্বপূর্ণ নয়। সেখানে সামরিক শাসক থাকুক আর গণতান্ত্রিক শাসক থাকুক, তা দেখার বিষয় নয়। মূল বিষয় তাদের সদিচ্ছা। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে বিশ্বের ১৩৪ টি দেশ জাতিসংঘে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। তবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে মিয়ানমার এখনও আন্তরিক নয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে অনেক দেশের সদিচ্ছার অভাব রয়েছে- এই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থেই বিশ্ব নেতাদের একসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়া উচিত। এরমধ্যে চীন ও যুক্তরাষ্ট্র রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ভাষানচরে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এতো টাকা খরচ করার মতো ধনী দেশ নয়। তারপরও আমরা করেছি। মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ। এটা আমাদের কর্তব্য। ২০১৬-২০২২ সালের মধ্যে মানবাধিকারের নেতৃত্বদানকারী দেশগুলো মিয়ানমারে বড় অঙ্কের বিনিয়োগ করছে। যদিও তারা বাংলাদেশ এবং রোহিঙ্গাদের বন্ধু হিসেবে দাবি করে। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

ডিপ্লোম্যাটস প্রকাশনীর নির্বাহী উপদেষ্টা আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপ্লোমেটস ম্যাগাজিনের উপদেষ্টা ড. মোহাম্মদ ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান (অবসরপ্রাপ্ত)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব